প্রতিবেদন প্রকাশ: ০২ সেপ্টেম্বার ২০২৬, সময়ঃ ১২:২৭
চুয়াডাঙ্গা অফিস :
চুয়াডাঙ্গায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের কৃষক লিটন আলী ও তার স্ত্রী লিপা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ইজিবাইকচালক নাসির উদ্দীন ও দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার শফিকুল ইসলাম।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী লিপা খাতুনও স্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির উদ্দীন। পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন।
এর আগে আজ ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান।
চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা পৃথক চার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এসব ঘটনায় নিজ নিজ থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।