প্রতিবেদন প্রকাশ: ০১ সেপ্টেম্বার ২০২৬, সময়ঃ ০১:১৩
জনতার পত্রিকা :
কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম দৌলতপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন। রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে তিনি থানায় উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের রোলকলে অংশ নেন। পরে তিনি উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।
ব্রিফিংকালে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে অফিসার ও ফোর্সদের অবহিত করেন পুলিশ সুপার। একই সঙ্গে পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করে পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার মান আরও উন্নত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।