নেপালে বন্যায় ভেসে আসা ভল্ট ভেঙে টাকা লুট, আটক ২৯


আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে রাসুয়া ও উজানের এলাকা থেকে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট ধাদিং-এ পৌঁছানোর পর সেটি ভেঙে টাকা নেওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে দেশটির পুলিশ। ভারতীয় বার্তাসংস্থা দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

নেপাল নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ভয়াবহ বন্যার স্রোতে ভল্টটি রাসুয়া এলাকা থেকে ভেসে ত্রিশূলী নদী দিয়ে ধাদিং চলে আসে। সেখানে সন্দেহভাজন ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত ভল্টটি ভেঙে ভেতর থেকে নগদ অর্থ বের কর্যে নেন। এ সময় সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের একটি যৌথ টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি নগদ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অভি নারায়ণ কাফলের বরাত দিয়ে বলা হয়েছে, ২৯ জনকেই ধাদিং জেলা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

 

এদিকে বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অভিযোগে আরও দুই ব্যক্তিকে আটক করেছে নেপাল পুলিশ।

ঘটনার একটি ৪১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ভিডিওটি বিশ্লেষণ করে অভিযুক্ত দুজনকে শনাক্ত করে। ভিডিওতে দেখা যায়, ওই দুই ব্যক্তি কাঠের তক্তা ও নারীর চুল ধরে পানির স্রোত থেকে মরদেহটি টেনে তুলছেন। এরপর তারা নারীর দুই কান থেকে কানের দুল খুলে এক পাশে রাখছেন বলে দেখা যায়।

ঘটনাস্থলে আরও কয়েকজন মানুষ উপস্থিত ছিলেন। তাদের কয়েকজন মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে।

নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও দেশজুড়ে ব্যাপক উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। বুধবার হিমবাহ ধসে বিপুল পরিমাণ পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষ পাহাড়ি নদীগুলোতে নেমে আসে। এর ফলে নদীগুলোর পানি দ্রুত বেড়ে গিয়ে বিভিন্ন শহর ও জনপদ প্লাবিত হয়।

বন্যার স্রোতে বহু গ্রাম, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎকেন্দ্রও।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে নেপালে ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনো ২ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতেও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ভয়াবহ এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নেপালের ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে।

শনিবার বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, প্রাথমিক হিসাবে পুনর্গঠনের ব্যয় ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। তবে এটি এখনো কেবল একটি প্রাথমিক অনুমান। ক্ষয়ক্ষতি ও আর্থিক লোকসানের পূর্ণাঙ্গ হিসাব এখনো করা হচ্ছে।

ওয়াগলে বলেন, ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর পুনর্গঠনে যে পরিমাণ অর্থ প্রয়োজন হয়েছিল, এবারের ক্ষেত্রে তার চেয়ে অনেক কম অর্থের প্রয়োজন হতে পারে।

তবে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে দুর্গম এলাকাগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধার, নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে নেপালের নিরাপত্তা বাহিনী ও অন্যান্য সংস্থা তাদের অভিযান অব্যাহত রেখেছে। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।