প্রতিবেদন প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, সময়ঃ ০৬:০১
বিনোদন ডেক্স :
নেপালের মনোরম পাহাড়ি পরিবেশে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে হঠাৎ দুর্যোগের মুখে পড়েছিল পুরো টিম। টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতির মধ্যেই শুটিং শেষ করে নিরাপদে দেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমায় বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি কলকাতার অভিনয়শিল্পীরাও অংশ নিচ্ছেন। সিনেমার শুটিংয়ের জন্য পুরো টিম নেপালে অবস্থান করছিল। এর মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে শুরু হয় ভারী বৃষ্টি ও বন্যা। কোথাও সড়ক পানিতে তলিয়ে যায়, আবার কোথাও পাহাড়ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রতিকূল পরিস্থিতির কারণে শুটিং গুটিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরেছেন অপু বিশ্বাস।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। নেপালের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পুরো টিম নিরাপদেই ছিল এবং খুব বেশি সমস্যায় পড়তে হয়নি। তবে সবাইকে নিয়ে দেশে ফেরার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ ছিল। শেষ পর্যন্ত নিরাপদে ফিরতে পেরেছেন—এটাই সবচেয়ে বড় বিষয়
এদিকে একই দুর্যোগের কারণে নেপালে আটকা পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের পরিস্থিতির কথা জানান তিনি।
তাসরিফ জানান, দেশে ফেরার জন্য যে সড়ক দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, বন্যার কারণে সেই সড়কের একটি অংশ ধসে গেছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।
তবে নিজের ও সঙ্গে থাকা বন্ধুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও জানান তাসরিফ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।
একদিকে শুটিং শেষে দেশে ফিরেছেন অপু বিশ্বাস, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপালেই অপেক্ষা করতে হচ্ছে তাসরিফ খানকে। দেশটির বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও দেশে ফেরার বিষয়টিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।