প্রতিবেদন প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, সময়ঃ ০৫:৫৭
আন্তর্জাতিক ডেস্ক :
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ৯০০ জনকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের ৯২ জনই ভারতের নাগরিক। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেট জানান, রাসুয়া ও নুওয়াকোটসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এসব মানুষকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার হওয়া ৯০০ জনই আহত এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের আঘাতের ধরন বা শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
হেলিকপ্টার অবতরণের একটি স্থান থেকে কথা বলার সময় বাসনেট বলেন, বৃষ্টি ও অনিশ্চিত আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সব সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে উদ্ধার অভিযান আরও জোরদার করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়রাই সবচেয়ে বড় অংশ। বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
দুর্যোগটির ভয়াবহতা সম্পর্কে জানতে চাইলে বাসনেট বলেন, ‘আমি আমার জীবনে এমন কোনো দুর্যোগ দেখিনি।’
হিমবাহ ধস, প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় নেপালের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।