প্রতিবেদন প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সময়ঃ ০৭:৪৬
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায়ের নামে ঘুষ নেওয়ার অভিযোগে তহশিলদার, অফিস সহকারী ও এক দালালকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
সোমবার দুপুরে সদরের শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন-শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মাহমুদ হাসান (৪৬), অফিস সহকারী শাহজাহান আলী (৫০) এবং দালাল আব্দুর রহিম (৪৮)।
স্থানীয়দের অভিযোগ, দিনাজপুর সদর উপজেলার পাঁচকড় গ্রামের শরিফ উদ্দিনের ৮০ শতক জমির ভূমি উন্নয়ন কর বাবদ ১৯ হাজার ৭২০ টাকা পরিশোধের জন্য তহশিলদার মাহমুদ হাসানের স্বাক্ষরিত একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী সম্পত্তি নিলামের মাধ্যমে সরকারি খাস দখলে নেওয়ার কথা উল্লেখ করা হয়।
ওই নোটিশ পাওয়ার পর শরিফ উদ্দিনের মেয়ে সুরাইয়া আক্তার সোমবার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে যান।
এ সময় তহশিলদার তার কাছ থেকে ৭ হাজার টাকা নেন এবং আরো ১২ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দেন।
সুরাইয়া আক্তারকে দেওয়া রশিদে ভূমি উন্নয়ন কর বাবদ মাত্র ৭৩৮ টাকা উল্লেখ থাকায় তার সন্দেহ হয়। বিষয়টি নিয়ে তিনি চিৎকার শুরু করলে ভূমি অফিসে থাকা অন্য সেবাগ্রহীতা ও স্থানীয়রা এগিয়ে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে স্থানীয়রা তহশিলদার মাহমুদ হাসান, অফিস সহকারী শাহজাহান আলী এবং দালাল আব্দুর রহিমকে হালকা উত্তম মাধ্যম দিয়ে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আটক তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছে। ঘুষ গ্রহণের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।