গোস্বামী দুর্গাপুর ও পাটিকাবাড়ী ইউনিয়নের বরাদ্দের সার অন্যত্র বিক্রির অভিযোগে জরিমানা


জনতার পত্রিকা : 
 
কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ও পাটিকাবাড়ী ইউনিয়নে বরাদ্দের সার অন্যত্র বিক্রির অভিযোগে বিসিআইসি’র অনুমোদিত দুই রাসায়নিক সার ডিলারকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (১৭ আগস্ট) সকালে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত ইয়াসমিন। জানা যায়, গতকাল সোমবার সকালে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বাজারে অভিযান চালিয়ে বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার মেসার্স লাইফ এন্টারপ্রাইজকে বরাদ্দের সার অন্যত্র বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন। অপরদিকে, একই অভিযোগে পাটিকাবাড়ী ইউনিয়নের পাটিকাবাড়ী বাজারে অভিযান চালিয়ে বিসিআইসি’র অনুমোদিত রাসায়নিক সার ডিলার মেসার্স মনিরুল ইসলাম ফান্নুকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
দুই ইউনিয়নে পৃথক অভিযানে বরাদ্দের সার অন্যত্র বিক্রির অভিযোগে দুই সার ডিলারের কাছ থেকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।