প্রতিবেদন প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, সময়ঃ ০৮:১০
জনতার পত্রিকা ডেক্স :
কুষ্টিয়ায় জামায়াত ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় কুষ্টিয়া ৩ আসনের এমপি মুফতি আমির হামজার গাড়িতেও হামলা ও ভাংচুর করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ৬ রাস্তার মোড় থেকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে হামলা ও সংঘর্ষের বিষয়ে জামায়াত এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ তুলেন
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নূরকে নিয়ে কুষ্টিয়া ৩ আসনের এমপি আমির হামজার কুটক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ৬ রাস্তার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করছিলেন তারা। হঠাৎ শান্তিপূর্ণ সমাবেশের শেষ মূহূর্তে এমপি আমির হামজার গাড়িবহর ঢোকার সাথে সাথে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায় তাদের উপর। এতে বেশ কয়েকজন আহত হয়
তবে অপর দিকে জামায়াতের নেতাকর্মীদের দাবি, পরিকল্পিত ভাবে গণঅধিকারের নেতাকর্মীরা এমপি আমির হামজার গাড়িবহরে হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে এবং নেতাকর্মীদের মারধর করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।