আওয়ামী লীগ সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে ক্রসফায়ারে হত্যা করেছে: আইনমন্ত্রী


ঢাকা অফিস : 

 

 

দীর্ঘ ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনের সমালোচনা করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এই দীর্ঘ সময়ে সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিনা বিচারে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের স্বজনরা আজও তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ফেরার প্রতীক্ষায় কাঁদেন।

 

এ ছাড়া কেবল বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলার আসামি করা হয়েছে। মৃত ব্যক্তি থেকে শুরু করে হজে থাকা ব্যক্তিকেও বোমাবাজি বা ডাকাতির মামলায় জড়ানো হয়েছিল।’ 

আজ বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

 

অনুষ্ঠানের শুরুতে আইনমন্ত্রী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে আহত জুলাইযোদ্ধা এবং গত ১৬ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানান।

মো. আসাদুজ্জামান বলেন, ‘২০২৪ সালের জুলাই আন্দোলনের মাত্র ২০ দিনের (১৫ জুলাই থেকে ৫ আগস্ট) রক্তক্ষয়ী সংগ্রামে অসংখ্য সাহসী মানুষ জীবন দিয়ে আমাদের নতুন করে বাঁচার ও স্বাধীনতার স্বাদ দিয়েছেন। প্রায় ৩০ হাজারের বেশি মানুষ এই আন্দোলনে হাত, পা বা চোখ হারিয়েছেন; অনেকে শরীরে বুলেটের ক্ষত নিয়ে বেঁচে আছেন। সেইসব বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’ 

দীর্ঘ ১৬ বছরের গুম-খুন-নিপীড়ন ও বৈষম্যের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছে, তা বাস্তবায়নে শিল্প-সংস্কৃতির মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়তে আবৃত্তিশিল্পীদের ভূমিকা অপরিসীম।’

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের দেশব্যাপী উদ্যোগের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষের মাঝে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ এই সংগঠনটি নিয়েছে এবং তার সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাকে যেভাবে সংযুক্ত করেছে, তা অত্যন্ত সময়োপযোগী। এজন্য তাদের সাধুবাদ জানাই।’ 

এ সময় তিনি আবৃত্তি ফেডারেশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অগ্রজ মেহেদী হাসানের ভূয়সী প্রশংসা করেন। আইনমন্ত্রী বলেন, ‘মেহেদী হাসান একজন সৎ ও সাদা মনের মানুষ। তার কণ্ঠে যখন আবৃত্তি শুনি, তখন থমকে দাঁড়াই। তার নেতৃত্বে আবৃত্তি ফেডারেশন রক্তপাতহীন, নির্মল ও গণতান্ত্রিক সমাজ গড়ার যে স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে- তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’ 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিপুল সংখ্যক আবৃত্তিশিল্পী, শিশু-কিশোর ও শিল্প-সাহিত্য অনুরাগী দর্শকরা উপস্থিত ছিলেন।

ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আইনমন্ত্রীর সহধর্মিণী শিরিন সুলতানা ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।