প্রতিবেদন প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, সময়ঃ ০৭:৩৪
জনতার পত্রিকা :
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে মা*রধরের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে তীব্র বিক্ষোভ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, এমপি গোলাম রসুলের বাড়ির ঠিক বিপরীত পাশেই অবস্থিত ‘আল মাদরাসাতুল শারইয়্যাহ’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, গত সোমবার (২৭ জুলাই) ওই মাদরাসার শিশুদের মারধর করেন এমপির মেয়ে অনন্যা। এরপর আজ মঙ্গলবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সকালে ফের মাদরাসার শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ওপর তিনি চড়াও হন। একপর্যায়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিভাবকদের মধ্যে একজনকে তালা দিয়ে মাথায় আ*ঘাত করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে শিশু শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন।
ঘটনার আকস্মিকতায় বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেন এবং স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। উত্তাল জনতা একপর্যায়ে বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হলে বাড়ির কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।
এদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা গণমাধ্যমকে জানান, তাদের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি দাবি করেন, ঘটনার দিন মাদরাসা বন্ধ থাকার পরও কিছু শিশু সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এই বিষয়ের প্রতিবাদ করায় তাদের পরিবারের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে এবং পরিকল্পিতভাবে বাড়িতে হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এমপির পরিবারের সঙ্গে স্থানীয় মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।