বিরোধী জোটের দাবি সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে


ঢাকা অফিস : 

 

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সংসদে বিরোধী জোটভুক্ত দলগুলো ছাড়াও কয়েকটি রাজনৈতি দল, ছাত্র সংগঠন ও সামাজিক প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

 

জামায়াত : বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে। তিনি বলেন, সাহাবুদ্দিন কেন পদত্যাগ করেছেন, সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ তারা আগেই মনে করেছিলেন, তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের নৈতিক ও রাজনৈতিক যোগ্যতা হারিয়েছেন। ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং এতে কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কারণ নেই। তিনি আশা প্রকাশ করেন, অস্থায়ী রাষ্ট্রপতি নিরপেক্ষতা ও সংবিধানের মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি বলেন, আগামী রাষ্ট্রপতি এমন একজন হওয়া উচিত, যিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তোষামোদ না করে সংবিধান ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

এনসিপি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্রে অসুস্থতার প্রসঙ্গ থাকলেও সেখানে এমন একটি বর্ণনা তুলে ধরা হয়েছে, যা তার জন্য নিরাপদ প্রস্থানের পথ তৈরি করার চেষ্টা বলে মনে হচ্ছে। তিনি বলেন, সাহাবুদ্দিনকে কোনোভাবেই সেফ এক্সিট দেওয়া যাবে না। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে যেসব অপরাধের অভিযোগ উঠেছে, সেসবের জন্য তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে। আখতার হোসেন আরও বলেন, রাষ্ট্রপতির পদে থাকায় এতদিন হয়তো আইনগত কিছু সীমাবদ্ধতা ছিল। কিন্তু পদত্যাগের সঙ্গে সঙ্গে সেই দায়মুক্তির সুযোগ শেষ হয়েছে। তাই সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

 

বাংলাদেশ খেলাফত মজলিস : সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, সাহাবুদ্দিনের পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়েছিলেন। নেতৃদ্বয় বলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সংবিধান লঙ্ঘন ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষা তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। তাদের ভাষায়, তারা বলেন, যে কারণেই সাহাবুদ্দিন পদত্যাগ করে থাকুন না কেন, তার পদত্যাগে দেশের মানুষ স্বস্তি অনুভব করছে। তবে শুধু পদত্যাগের মাধ্যমে তার দায় শেষ হয়ে যায় না। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে হবে।

ইনকিলাব মঞ্চ : রাষ্ট্রপতির পদত্যাগের পর রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে শাহবাগ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম-খুনকে বৈধতা দেওয়ার অভিযোগ থেকে সাহাবুদ্দিনের দায় এড়ানোর সুযোগ নেই। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকেই তার অপসারণ ও বিচারের দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি।

গণঅধিকার পরিষদ : দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তারের দাবি গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। তিনি দাবি করেন, বিদেশে চিকিৎসাকালে পলাতক শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিনের যোগাযোগ হয়েছিল এবং বিষয়টিকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। তার অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের সঙ্গে এই যোগাযোগের যোগসূত্র থাকতে পারে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এবি পার্টিল : দেরিতে হলেও পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের সরে যাওয়াকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির নেতারা। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, সাহাবুদ্দিনের ব্যাপারে দুর্নীতি, ব্যাংকের টাকা লুটপাট ও পাচারসহ আনা সব অভিযোগ তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।