প্রতিবেদন প্রকাশ: ০৯ মে ২০২৬, সময়ঃ ০৫:২৮
আন্তর্জাতিক ডেস্ক :
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ইরানি নৌবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করায় একটি মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সোমবার (৪ মে) সকালে জাস্ক বন্দরের কাছে এই ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম ফার্স নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল। জাহাজটি থামাতে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করায় যুদ্ধজাহাজটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পরে জাহাজটি পথ পরিবর্তন করে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন নেভি বা সেন্ট্রাল কমান্ড। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও ঘটনার স্বাধীন যাচাইয়ের বিষয়টি নিশ্চিত করেনি।
এই হামলার খবর এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করার ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে নিয়ে আসা।
এই অভিযানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ১৫ হাজার সামরিক কর্মী, ১০০টিরও বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান এবং এর পাশাপাশি যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করার কথা জানিয়েছিল।
উল্লেখ্য, টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে শুরু থেকেই এটি ভঙ্গুর ছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে। এছাড়া আরব সাগর থেকে তাদের ট্যাংকার জাহাজও জব্দ করে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।