রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটূক্তি : জামিন পেলেন মানিক-মেনন-ইনু


আদালত প্রতিবেদক : 

 

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক আইনজীবীর করা মানহানির মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এ আদেশ দেন। আদালতের বেঞ্জ সহকারী রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন।

রিপন মিয়া জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামি ইনুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অপরদিকে দুই আসামি মেনন ও মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়। পরে তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

 

নথি থেকে জানা গেছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আইতে এক টক শো-তে জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে মানিক বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।

২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ ছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন। এসব ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মো. জিয়াউল হক নামে এক আইনজীবী বাদী হয়ে মামলার আবেদন করেন। এরপরে বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচারক তদন্তের নির্দেশ দেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।