প্রতিবেদন প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, সময়ঃ ১০:৩৬
বিনোদন প্রতিবেদক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে বহুল আলোচিত ‘দম’ সিনেমার টিম। ম্যাচে টানটান উত্তেজনার মাঝে শোবিজ তারকাদের উপস্থিতি গ্যালারিতে এক নতুন মাত্রা যোগ করে।
গ্যালারিতে ‘দম’ টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা পূজা চেরি, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অনেকে।
বাংলাদেশের ইনিংস শুরু হয় দুপুরে, বিকেলের দিকে গ্যালারিতে দেখা যায় ‘দম’ টিমের সদস্যদের।
সাধারণ দর্শকদের সাথে বসে তারা ম্যাচটি উপভোগ করেন, ছবি তোলেন এবং বাংলাদেশ দলের প্রতিটি বাউন্ডারিতে উল্লাস প্রকাশ করেন। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরিকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তারা দর্শকদের সাথে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।
প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘ক্রিকেট আর সিনেমা বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেই আমরা মাঠে গিয়েছি। দর্শকদের ভালোবাসা আমাদের আপ্লুত করেছে।’
দীর্ঘদিন পর মাঠে বসে খেলা দেখা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘মিরপুরের গ্যালারির গর্জন সবসময়ই অন্যরকম অনুভূতি দেয়। গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনা সরাসরি অনুভব করতে পেরে দারুণ লাগছে। সঙ্গে রয়ছে আমাদের সিনেমার “দম”। সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প এটি, জয়ের গল্পও বলতে পারেন। মাঠে কিংবা পর্দায় আমরা জয়ই প্রত্যাশা করি।’
অন্যদিকে, পূজা জনান, ‘দম’ টিমের সঙ্গে টাইগারদের সমর্থন করতে পেরে তিনি খুবই আনন্দিত।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।
আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।