বৈষম্যের শিকার নারী ক্রীড়াবিদরা


 

 

অনলাইন ডেক্স : ঘরের কিশোর ছেলেটি তার ফুটবল বা ক্রিকেট ব্যাট হাতে বিকালবেলায় মাঠে খেলতে যাচ্ছে। খুবই সাধারণ একটি দৃশ্য এটি। কিন্তু বাংলাদেশে মেয়েরাও কি এভাবেই খেলার সুযোগ পায়? এর উত্তর হচ্ছে- ‘না’। বয়ঃসন্ধিকালে পৌঁছতে না পৌঁছতেই মেয়েদের প্রায় বন্দি করে ফেলা হয়। রক্ষণশীল সমাজে মেয়েদের খেলাধুলা করাকে নেতিবাচক চোখে দেখা হয়ে থাকে। অথচ শারীরিক, মানসিক বিকাশ ও সুস্থ-সুন্দর জীবনের জন্য নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ-নির্বিশেষে সবারই খেলাধুলা কিংবা শরীর চর্চা করা অত্যন্ত দরকার। কিন্তু নারীর খেলাধুলাচর্চার জন্য নেই কোনো উপযুক্ত ও নিরাপদ মাঠ। তার পরও মেয়েরা খেলতে এলে প্রথমেই বাধার শিকার হয় পোশাক বা জার্সি নিয়ে তীর্যক মন্তব্যে। অথচ প্রতিদিনের আটপৌরে শাড়ি, বোরকা, সালোয়ার-কামিজ, স্কার্ট বা জিন্স ইত্যাদি খেলার জন্য মোটেও উপযুক্ত নয়। এমনই নানা কারণে নারীরা খেলাধুলা ও শরীরচর্চা থেকে পিছিয়ে থাকে। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের নারী খেলোয়াড়রা ঠিকই খেলে যাচ্ছেন এবং দেশের পতাকাকে শীর্ষে তুলে ধরছেন বারবার। এমনকি পুরুষ খেলোয়াড়দের তুলনায় নারী দলই বারবার দেশের নাম উজ্জ্বল করেছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গত এক দশকে সবচেয়ে বড় সাফল্যগুলো এসেছে নারীদের হাত ধরে। ফুটবল, ক্রিকেট, আর্চারি, শ্যুটিং, ভারোত্তোলন, সাঁতার, দাবা- প্রায় সব ধরনের খেলায় রয়েছে আমাদের বাঘিনীদের সফল পদচারণ। কিন্তু এর বিনিময়ে তারা কী পাচ্ছেন?

 

২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘অধিকার, ন্যায়বিচার, সক্রিয় পদক্ষেপ- সকল নারী ও কন্যাদের জন্য’। প্রতিপাদ্যটি নিয়ে অনেক ব্যানার তৈরি করা হবে, লেখা হবে অনেক কলাম, নারীর অধিকার, ন্যায়বিচার নিয়ে দেওয়া হবে অনেক বক্তৃতা। কিন্তু আমাদের নারী খেলোয়াড়রা, যারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঘেমে-নেয়ে শুধু দেশের টানে খেলে যাচ্ছেন অবিরত- তাদের অধিকার ও ন্যায়বিচারের কী হবে? তাদের বেতনবৈষম্য, সমাজের ভ্রুকুটি, কখনও শারীরিক আক্রমণের শিকার, কখনও হচ্ছেন সাইবার বুলিংয়ের শিকার, পাচ্ছেন না পর্যাপ্ত প্রশিক্ষণ, কখনও হচ্ছেন যৌন হয়রানির শিকার। এত এত বাধার পাহাড় নারী খেলোয়াড়দের সামনে, সেই বাধা দূর করতে কয়টি সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছে? বারবার বলা হয়, এই খেলোয়াড়দের বেতনবৈষম্য দূর করা হবে, বাস্তবে আসলে কি তা হয়েছে? পুরুষ খেলোয়াড়দের তুলনায় নারী খেলোয়াড়দের বেতন চার গুণ কম হলেও সাফল্যে নারীরা এগিয়ে গেছে আরও বহুগুণ। ছাদখোলা বাসে এই খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েই যেন সব দায়দায়িত্ব সেরে ফেলা হলো। অথচ ফুটবলার সানজিদা আক্তার আক্ষেপ করে বলেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে এক পাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।’ চ্যাম্পিয়ন হয়েও সমাজের টিপ্পনী আর বাঁকা চাহনি থেকে কি রক্ষা পেয়েছেন নারী খেলোয়াড়রা?

সাম্প্রতিক বছরগুলোতে নারী খেলোয়াড়দের সামনে এগিয়ে চলা থামিয়ে দিতে ধর্মের দোহাই দিয়ে চলেছে নানা ধরনের অপতৎপরতা। কখনও ‘তৌহিদি জনতার’ নামে খেলা বন্ধের দাবিতে ভাঙচুর করেছে, কখনও খেলোয়াড়দের পোশাক নিয়ে কটূক্তি করে হুমকি ও শারীরিকভাবে আক্রমণ করেছে, আবার কখনও সামাজিক মাধ্যমে একের পর এক বাজে মন্তব্যের ঝড় বইয়ে দিয়েছে। আমাদের চোখের মণি, প্রিয় খেলোয়াড় সাবিনা খাতুন (ফুটবলার), মাবিয়া আক্তার (ভারোত্তোলন), জাহানারা (ক্রিকেটার), রোমানা আক্তার (সাঁতারু), ঋতুপর্ণা চাকমা, কলসিন্দুরের গ্রাম থেকে উঠে আসা সেই পরিশ্রমী মেয়েগুলো- ওদের আমরা এভাবেই মূল্যায়ন করতে পেরেছি। শুধু সমতলের নয়, আদিবাসী নারী খেলোয়াড়দেরও শুনতে হয়েছে বর্ণবাদী কটূক্তি। সাংবাদিকরাও সাক্ষাৎকার নেওয়ার সময় তাদের কঠিন জীবনসংগ্রামের কথা, খেলা নিয়ে তাদের ভাবনার কথা, তাদের পরামর্শ জানতে চাননি। নেহাতই যৌন পণ্য হিসেবে বিবেচনা করে হাসিঠাট্টার ছলে তাদের জিজ্ঞেস করে গেছেন বিব্রতকর নানা ব্যক্তিগত প্রশ্ন। খেলতে গিয়ে যৌন হয়রানির শিকার হচ্ছেন আমাদের মেয়েরা। সিনিয়র খেলোয়াড় হিসেবে জাহানারা হয়তো মুখ খুলে এর প্রতিবাদ জানাতে পেরেছেন, কিন্তু অনেক জুনিয়র খেলোয়াড় ক্যারিয়ার ধ্বংসের ভয়ে অনেক বড় হয়রানি হলেও সহ্য করে যান। যৌন হয়রানির প্রতিবাদ করে শ্যুটার কামরুন নাহার কলির নিষিদ্ধ হওয়ার ঘটনাও বৈষম্য ও অবিচারের এক নগ্ন বহিঃপ্রকাশ। নারী খেলোয়াড়দের জন্য উপযুক্ত ও নিরাপদ পরিবেশ যদি নিশ্চিত করা না যায়, তবে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় যেমন ঝরে যাবে, তেমনি নতুন মেয়েরাও খেলায় নাম লেখাতে চাইবে না। এমনকি অপেক্ষাকৃত নিরাপদ খেলা দাবার কথাও যদি বলা হয়, সেখানে কিংবদন্তি রানী হামিদের পর সম্ভাবনাময় নারী দাবাড়ুকে কিন্তু আজও আমরা পাইনি।

 

অধিকার, ন্যায়বিচার না পেলেও পুরুষতান্ত্রিক সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে বাঘিনী কন্যারা খেলে যাচ্ছেন শুধু খেলার নেশায় আর দেশের টানে। হাড়ভাঙা পরিশ্রমে দেশের নাম উজ্জ্বল করেও বৈষম্যের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। প্রতিকূলতা যতই হোক, তারা দেখিয়ে দিয়েছেন, থামার জন্য তারা জন্মাননি। সমাজের অন্ধবিশ্বাস ও প্রথার বিরুদ্ধে এই মাথা উঁচু করে চলার শক্তি ও সাহসকে শ্রদ্ধা জানাতে হলে তাদের পথচলাকে মসৃণ করার সক্রিয় পদক্ষেপ নিতে হবে। আর এ জন্য দরকার বেতনবৈষম্য দূরীকরণ। সেই সঙ্গে নারীদের খেলার জন্য উপযুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের জন্য করতে হবে কঠোর আইনের প্রয়োগ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।