৫ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে একটি ফুড প্রোডাক্টসকে


চট্টগ্রাম প্রতিনিধি : 

 

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও নানা অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির নাম বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড।

 

বুধবার নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়েছে। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য অফিসার ফারহান ইসলাম জানান, অভিযানকালে কারখানাটিতে স্যাঁতস্যাঁতে ও তৈলাক্ত ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, ননফুড গ্রেড প্লাস্টিকের ড্রামে টমেটো সস প্রস্তুতের গরম পাল্প সংরক্ষণ, তেলাপোকা ও ছারপোকার প্রাদুর্ভাবসহ একাধিক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ চিত্র ধরা পড়ে। এছাড়া কারখানায় উৎপাদিত খাদ্যপণ্য ‘চুটকি’র লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অসম্পূর্ণ তথ্য ব্যবহার করা হয় এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চান্দগাঁও থানা ও সিএমপির একটি চৌকস টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।