প্রতিবেদন প্রকাশ: ০২ মার্চ ২০২৬, সময়ঃ ০৯:৫২
বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, বর্তমান বিশ্বব্যবস্থা গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ ও নৈতিকতার অবক্ষয়ের প্রেক্ষাপটে তিনি লালনের দর্শনকে মানবতার বিকল্প পথ হিসেবে তুলে ধরেন।
সোমবার (২ মার্চ) কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত লালন স্মরণোৎসবে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, ‘পৃথিবী খুব কঠিন সময়ের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্ন আজ বড় সংকটে। এ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরি।’
বিশ্ব রাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, শক্তিধর রাষ্ট্রগুলোর আধিপত্য বিস্তারমূলক নীতির ফলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে অস্থিরতা বাড়ছে। তিনি বলেন, এসব ঘটনা মানবিক মূল্যবোধের জন্য হুমকি। তবে তার এ বক্তব্য ব্যক্তিগত বিশ্লেষণ বলেও উল্লেখ করেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে ফরহাদ মজহার বলেন, দেশের জনগণ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় সংগ্রাম করলেও আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো বিশ্বব্যাংক, আইএমএফ ও ডব্লিউটিওর শর্ত রাষ্ট্র পরিচালনাকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।