logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৬:০২ পূর্বাহ্ন

দিনাজপুরে একই দিনে দুই পৃথক ঘটনায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদন প্রকাশ: ২৮ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০১:৪৮
  • সংবাদ পাঠকঃ ২৮৬৯ জন
photo

 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:
দিনাজপুরের বিরল উপজেলায় একই দিনে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটেছে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামে বাবু ইসলামের দুই বছরের ছেলে সামিউল ইসলাম সকাল ১০টার দিকে বাড়ির পাশে পূণর্ভবা নদীর পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

অন্যদিকে দুপুর ১টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় দুই স্কুলছাত্রী। নিহতরা হলেন, একই গ্রামের লিটন ইসলামের মেয়ে ও তেঘরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান রাফা (১৩) এবং মো. আফজাল হোসেনের মেয়ে ও রঘুপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিম আকতার (১২)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন