বিনোদন ডেক্স :
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। তার বহু প্রতীক্ষিত এই অ্যালবামের নাম ‘সুবাহ আয়ে না’। অ্যালবামটি ঘিরে এরই মধ্যে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।নতুন অ্যালবামের অন্যতম আকর্ষণ রোমান্টিক গান ‘হু ইশক মে’। এই গানের মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো আতিফ আসলামের সঙ্গে জুটি বেঁধেছেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। সম্প্রতি গানটির কয়েকটি নতুন ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দুজনের অন-স্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
গানটির প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি পোস্টারও প্রকাশ করেছেন আতিফ। সেখানে স্পোর্টস কারের পাশে আতিফ ও ইয়ুমনাকে দেখা গেছে। রোমান্টিক আবহের গানটিকে ঘিরে পোস্টারটি ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে।
‘হু ইশক মে’ গানটি লিখেছেন ও সুর করেছেন রাজ রঞ্জোধ। সংগীতায়োজন করেছেন শিরাজ উপ্পাল। সাইফ হাসানের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতে আতিফ ও ইয়ুমনার পাশাপাশি অভিনয় করেছেন মুস্তাফা আফ্রিদি।
দীর্ঘদিন পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবামে ফেরার পেছনে রয়েছে দীর্ঘ বিরতি। ২০০৮ সালে প্রকাশিত ‘মেরি কাহানি’ ছিল তার সর্বশেষ একক অ্যালবাম। এরপর প্রায় দেড় যুগ ধরে বিভিন্ন একক গান, চলচ্চিত্রের প্লেব্যাক ও অন্যান্য সংগীত প্রকল্পে ব্যস্ত ছিলেন এই শিল্পী। তবে আর কোনো পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি।
এ কারণে ১৮ বছর পর আতিফ আসলামের নতুন অ্যালবামের ঘোষণা ভক্তদের জন্য বিশেষ আনন্দের খবর হয়ে এসেছে। এর সঙ্গে ইয়ুমনা জায়েদির মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রথমবারের জুটি—সব মিলিয়ে ‘সুবাহ আয়ে না’ মুক্তির আগেই বাড়তি কৌতূহল তৈরি করেছে।