logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৪:২৩ পূর্বাহ্ন

নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ

প্রতিবেদন প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | সময়ঃ ১১:৪৯
  • সংবাদ পাঠকঃ ৫১৩ জন
photo

জনতার পত্রিকা : 
 
কলকাতার ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ। নিহত সাংবাদিকের পরিবার ও তার শ্বশুরবাড়ির পরিবারের হাতে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন সাংবাদিক দেবাশীষ দত্তের আড়ুয়াপাড়ার বাসভবনে গিয়ে তার পরিবারের হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেন। পরে তিনি দেবাশীষের শ্বশুরবাড়ি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় গিয়ে পরিবারের সদস্যদের হাতে আরও ৩০ হাজার টাকার চেক তুলে দেন।
চেক বিতরণকালে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের খোঁজখবর নেন এবং তার ভবিষ্যৎ জীবন ও পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেবাশীষ দত্তের পরিবারের এই কঠিন সময়ে জেলা পরিষদ তাদের পাশে থাকবে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা, সন্তান স্বর্ণাশীষ এবং আফসানার বাবা আকরাম আলী নিহত হন।
দেবাশীষ দত্ত স্থানীয় দৈনিক আজকের আলো-এর ভারপ্রাপ্ত সম্পাদক এবং আজকের খবর ও চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন।

শেয়ার করুন