রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের খারিজ সহকারী ইমরুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) একটি খারিজ মামলায় ঘুস গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কতিপয় কর্মচারী বেশ কিছুদিন ধরে ভূমিসেবা গ্রহণেচ্ছুদের নানাবিধ হয়রানি করে আসছেন। চাহিদামতো ঘুস না পেলে তারা জনসাধারণকে সেবা প্রদান থেকে বিরত থাকছিলেন ও ইচ্ছামতো হয়রানি করছিলেন। ইমরুল কাশেম এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, নানা অজুহাত ও আইনের ফাঁদে ফেলে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করেন তারা এবং দিনশেষে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করেন।
এদিকে সম্প্রতি একটি খারিজ মামলায় সেবা গ্রহীতার কাছ থেকে ইমরুল কাশেমের ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল হয়। জেলা প্রশাসন থেকে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এই খারিজ সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, তার অফিসের খারিজ কাম-সার্টিফিকেট সহকারী ইমরুল কাশেমকে জেলা প্রশাসক সাময়িক বরখাস্ত করেছেন। বিধিমতে তার বিরুদ্ধে মামলা দায়ের ও তদন্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।