logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০১:৫৫ অপরাহ্ণ

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

প্রতিবেদন প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | সময়ঃ ০৬:১৮
  • সংবাদ পাঠকঃ ১১২১ জন
photo

 
 
নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা :
 
সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিহত আব্দুল আলিম দেবহাটা উপজেলার রামনাথপুর (মাঠপাড়া) গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে গাজীরহাট বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল আলিম। পথে দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী ‘কাজী এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসের (সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬) সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা ব্লিজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের প্রস্তুতিসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

শেয়ার করুন