স্পোর্টস ডেস্ক : অক্টোবরে বাংলাদেশে এসে ম্যাচ খেলার সম্ভাবনা যাচাই করতে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার স্টেডিয়ামটি পরিদর্শন করে তারা।
ব্রাজিল জাতীয় দলের জেনারেল সুপারভাইসর সার্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে প্রতিনিধি দলটি গতকাল প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়ামে অবস্থান করে। এ সময় তারা নতুন করে প্রস্তুত করা সবুজাভ মাঠ, খেলোয়াড়দের সাজঘর, গ্যালারি ও অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখে।
দুপুর ১টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর পর সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় প্রতিনিধি দলটি। এর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামও পরিদর্শন করেছে তারা। আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ সামনে রেখে ওই মাঠের প্রস্তুতি দেখতে কলকাতা গিয়েছিল প্রতিনিধি দলটি।
পরিদর্শন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, 'তারা আমাদের জানিয়েছে, জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে অথবা ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচও খেলতে পারে।'
তিনি বলেন, 'আমরা তাদের জানিয়েছি, মাঠের প্রস্তুতির কাজ চলছে এবং পুরো কাজ শেষ করতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে। তারা মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেছে এবং প্রয়োজন হলে আবার পরিদর্শনে আসতে পারে বলে আমাকে জানিয়েছে।'
সাবেক এই ফুটবলার আরও জানান, প্রতিনিধি দলের সদস্যরা মাঠে কীভাবে পানি দেওয়া হয় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা কেমন, সেটিও খতিয়ে দেখেছেন। এরপর তারা খেলোয়াড়দের সাজঘর ও গ্যালারিগুলো পরিদর্শন করেন।
বাংলাদেশ-ভারত ম্যাচের আগে ব্রাজিল জাতীয় দল বাংলাদেশে এসে অনুশীলন করতে পারে কি না, জানতে চাইলে ইকবাল বলেন, 'পরিদর্শনের সময় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।'