logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০২:১২ অপরাহ্ণ

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জন নিহতের সেই হোটেলের মালিক অবশেষে গ্রেপ্তার

প্রতিবেদন প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | সময়ঃ ১১:০২
  • সংবাদ পাঠকঃ ১২৩৫ জন
photo

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার কলকাতার ডায়মন্ড হারবার রোডের বেহালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে হোটেলটিতে আগুন লেগে নয়জন নিহত হয়েছিলেন, এর সাতজনই বাংলাদেশি।

 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে আগুন লেগেছিল ‘শিখা ইন’ হোটেলে। আগুনে নয়জন নিহত হন। তাদের কেউ চিকিৎসার জন্য, কেউ আবার অন্য কোনো কাজে এসেছিলেন কলকাতায়। 

অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে মোট দুটি হোটেল ছিল বেহালার বীরেশ্বর মিত্রের। একটি ‘শিখা ইন’, অন্যটি ‘জাপন’। দুটোই একেবারে ছোট্ট জায়গায়। ‘শিখা ইনে’র একেবারে উলটোদিকেই রয়েছে ‘জাপন’। গত মঙ্গলবার রাত ৩টার দিকে তিনতলা ‘জাপন’-এর কর্মীরাই দেখেন উল্টো দিকের হোটেলে দাউদাউ করে জ্বলছে আগুন। হোটেল কর্মী ইন্দ্রদেব পাসওয়ান জানান, সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন মালিক বীরেশ্বরকে, কিন্তু তিনি ফোন ধরেননি। কিছুক্ষণ পর আবারও ফোন করা হলেও লাভ হয়নি। একটা সময়ের পর ফোন সুইচড অফ করে দেন তিনি।

 

সেই থেকেই পলাতক ছিলেন বীরেশ্বর। তবে অবশেষে শেষ হল লুকোচুরি খেলা। শনিবার ডায়মন্ড হারবার রোডের বেহালার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বীরেশ্বর মিত্রকে। 

শেয়ার করুন