বিনোদন প্রতিবেদক : ঢালিউডের ‘সর্বশেষ জনপ্রিয় নায়িকা’ বলা হয় শাবনূরকে। শাবানা, ববিতার পর তিনিই একমাত্র নায়িকা যার অভিনয়ে মুগ্ধ হয়েছেন একটা প্রজন্মের দর্শক। সেই শাবনূর অভিনয় থেকে দূরে আছেন অনেক দিন হলো। তার পরও তিনি থাকেন আলোচনায়। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, যা নিয়ে নেট দুনিয়ায় ও শোবিজে শুরু হয়েছে বিশ্লেষণ। শাবনূর লিখেছেন- ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’। মাত্র পাঁচ শব্দের এই পোস্ট ঘিরেই নতুন করে আলোচনা শুরু।
স্ট্যাটাসে কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ না করলেও সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা তৈরি হওয়ায় শাবনূরের পোস্টটিও কৌতূহলের জন্ম দিয়েছে। সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে এ ঘটনায় শাবনূরের নামও আলোচনায় এসেছে। কেউ কেউ তার বিরুদ্ধে অভিযোগ তুললেও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী।
সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও নব্বইয়ের দশক থেকেই নানা আলোচনা ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলÑ এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, তিনি সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন। সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, তার ছেলে শাবনূরকে বোনের মতোই দেখতেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর।