আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনায় বাধা সৃষ্টি করলে মার্কিন মিত্র ওমানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ওমান আলাদাভাবে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে। বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে প্রায় ছয় মাস ধরে কার্যত বন্ধ রয়েছে।
ফক্স নিউজের এক প্রতিবেদক জানিয়েছেন, টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প ওমানকে হুমকি দেওয়ার সময় অশালীন ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, ‘ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।’ তবে ট্রাম্পের কাছে ‘বাধা সৃষ্টি’ বলতে ঠিক কী বোঝায়, তা স্পষ্ট নয়। ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টা আগেই ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তারা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের বলেন, জাহাজ চলাচলের ট্রানজিট রুটের মানচিত্র নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। চূড়ান্তভাবে যৌথ বিবৃতি দেওয়ার আগে এর বিস্তারিত বিষয়গুলো নির্ধারণ করা হবে।