অনলাইন ডেস্ক : দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি থাকার মধ্যেই নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রায় ছয় মাস পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক কাঠমান্ডুতে ফেরেন।
দেউবা তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করে আসছেন। দেশে ফেরার পর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে সড়কের পাশে জড়ো হওয়া শত শত সমর্থককে হাত নেড়ে ও হাসিমুখে অভিবাদন জানান তিনি। তাঁকে স্বাগত জানাতে সমর্থকদের একটি সমাবেশও অনুষ্ঠিত হয়।
নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেউবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি অর্থ পাচার তদন্ত বিভাগ তদন্ত করছে। গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্তও সংশ্লিষ্ট তদন্ত বিভাগের এখতিয়ারে রয়েছে।
গত এপ্রিলে অর্থ পাচারের অভিযোগে দেউবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকার ক্ষমতায় আসার পর দেশটির কয়েকজন প্রভাবশালী রাজনীতিকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চলমান অভিযানের অংশ হিসেবেই তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।