logo

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ১০:১২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী বর্জ্য অপসারণ দেখতে রাস্তায় : দুই কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদন প্রকাশ: ২৯ মে ২০২৬ | সময়ঃ ০৯:১৯
  • সংবাদ পাঠকঃ ০ জন
photo

ঢাকা অফিস : 

 

রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্ব পালনে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

আজ শুক্রবার বিকেলে তাদের দুইজনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপ সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

 

জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী প্রটোকল ছাড়া নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প ও কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পূর্বের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। শহরের গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার এমন ভয়াবহ চিত্র দেখে প্রধানমন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপ সচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন‍্যস্ত করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন