জনতার পত্রিকা
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। মামলার পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাকে সহায়তা করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। প্রথম দিনের শুনানিতে প্রসিকিউশন দাবি করে, আসামিদের বক্তব্য, নির্দেশনা ও সাংগঠনিক তৎপরতার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব ঘটনা ছিল পরিকল্পিত ও সমন্বিত হামলার অংশ। রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে বিভিন্ন সাক্ষ্য, তদন্ত প্রতিবেদন ও অন্যান্য উপাত্ত তুলে ধরে তাদের অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করে। এর আগে গত ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। এ মামলায় মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। মাহবুব উল আলম হানিফ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। আসামীরা সবাই বর্তমানে পলাতক রয়েছেন। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরদিন ৬ অক্টোবর অভিযোগ আমলে নেওয়া হয়। পরে একই বছরের ২ নভেম্বর এই চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্রে অংশগ্রহণ এবং কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।