বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে নাম না উল্লেখ করে কাউকে ‘ভণ্ড হুজুর’ বলে আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি, যা ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
অনেকেই ধারণা করছেন, ওই মন্তব্যের ইঙ্গিত ছিল তার সাবেক স্বামী সিদ্দিকুর রহমানের দিকেই। কারণ সাম্প্রতিক সময়ে তার জীবনযাত্রা ও বক্তব্যে ধর্মীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। তবে মিম সরাসরি কারও নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
মারিয়া মিম তার পোস্টে লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে’—এই বাক্য প্রকাশের পরই মন্তব্যের ঘর জুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ সরাসরি সিদ্দিকুর রহমানের নাম টেনে আনেন, আবার অনেকে মনে করছেন এটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে করা সাধারণ প্রতিক্রিয়া।
উল্লেখ্য, সিদ্দিকুর রহমান ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান। এরপর তার চেহারা ও জীবনধারায় পরিবর্তন দেখা যায়। তিনি নিয়মিত টুপি পরা শুরু করেন এবং দাড়ি রাখেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ধর্মীয়ভাবে আরও মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন।
অন্যদিকে মারিয়া মিমও বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। এর আগে এক সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান তাকে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেছিলেন।
২০১২ সালে বিয়ে এবং ২০১৯ সালে বিচ্ছেদের পর এই দম্পতির সংসারে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ ফেসবুক পোস্টে কার উদ্দেশ্যে মন্তব্য করা হয়েছে, তা স্পষ্ট না হওয়ায় বিষয়টি ঘিরে রহস্য ও কৌতূহল আরও বাড়ছে।