logo

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ০১:৪০ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে তারকাদের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদন প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | সময়ঃ ১১:২৩
  • সংবাদ পাঠকঃ ১৩৬৮ জন
photo

বিনোদন রিপোর্টার : 

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন। দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্যদিকে রিজিয়া পারভীন নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর কনকচাঁপা জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। একই সঙ্গে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান তিনি।

বেবী নাজনীন জানান, দীর্ঘ চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং দেশের নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য থেকেই তিনি সংসদ সদস্য হওয়ার দৌড়ে অংশ নিয়েছেন।

তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত গত ৪০ বছর ধরে মেনে আসছি, ভবিষ্যতেও আসব। দেশ ও নতুন প্রজন্মের জন্য কাজ করতে চাই।’

অন্যদিকে, দীর্ঘদিন সংগীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান রিজিয়া পারভীন। তিনি জানান, তিনি নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন।

রিজিয়া পারভীন বলেন, ‘আমার বাড়ি কিশোরগঞ্জ। সেখান থেকেই আমি আবেদন করেছি। সেখান থেকেই নির্বাচিত হতে চাই। আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই।’

একজন শিল্পী হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নেও ভূমিকা রাখতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কৃতি নিয়েও কাজ করতে চাই। এরই মধ্যে আমার এলাকায় কিছু কাজ করেছি। মনোনয়ন পেলে নারীদের উন্নয়ন ও সংস্কৃতি খাতে বেশি গুরুত্ব দেব।’

শেয়ার করুন