logo

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১০:২৭ অপরাহ্ণ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে আইনজীবীর চিঠি

প্রতিবেদন প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | সময়ঃ ১০:৩৯
  • সংবাদ পাঠকঃ ৯৮৮ জন
photo

আদালত প্রতিবেদক : 

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছেন তাঁর পক্ষে যুক্তরাজ্যের আইনজীবী কিংসলি ন্যাপলি।

গত ৩০ মার্চ ই-মেইলে চিঠিটি পাঠানো হয়েছে বলে উল্লেখ রয়েছে। তবে জানতে চাইলে কোনো চিঠি পাননি বলে  জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে গত বছরের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলার সময় তিনি অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে আইনজীবী নিযুক্ত করেন ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী এই রায় পরিবর্তন বা বহাল রাখার ক্ষমতা রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলির পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে। শেখ হাসিনার বিচারপ্রক্রিয়াকে অন্যায্য ও অবৈধ বলা হয়েছে চিঠিতে। চিঠির পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হলো, তা জানিয়ে ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন কিংসলি ন্যাপলি।

শেয়ার করুন