ঢাকা অফিস :
ঢাকায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর, কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এ মামলার আবেদন করেন।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী সাজ্জাদ আল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, গত মঙ্গলবার বিকেল ৪ টার দিকে গুলশান-২ রয়েল ব্লুয়ের বিপরীত পাশ দিয়ে এক বৃদ্ধ চলাচল করছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক করার একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনা আসামির গায়ে লাগে। মনিকা কবির ওই বৃদ্ধকে আক্রমণ করে ব্যাগ নিক্ষেপ করে মারধর করেন। ইচ্ছাকৃতভাবে ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। যার ফলে ভুক্তভোগী ব্যক্তি আরও অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।